প্রকাশ্যে জোর করে চুমু! করণ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ সানভির

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৪:২৩ পিএম

ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। জনপ্রিয় অভিনেতা করণ কুন্দ্রার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তারই সহ-অভিনেত্রী সানভি তালওয়ার। ২০১৫ সালে সম্প্রচারিত 'ইয়ে কাঁহা আ গয়া হাম' ধারাবাহিকের শুটিং সেটে ঘটে যাওয়া এক পুরনো ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শোরগোল শুরু হয়েছে বিনোদন জগতে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সানভি দাবি করেছেন যে, শুটিংয়ের একটি রোমান্টিক দৃশ্যের সময় পরিচালক কোনও ‘অ্যাকশন’ বলার আগেই করণ নাকি তাঁকে জোরপূর্বক চুম্বন করেন। এই আচরণের আকস্মিকতায় হতবাক হয়ে প্রতিবাদস্বরূপ করণকে এক চড় মারেন অভিনেত্রী। 

পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় এর ঠিক কিছুক্ষণ পর। সানভির অভিযোগ, ঘটনার প্রায় পনেরো মিনিট বাদে সেটেই ফিরে আসেন অভিনেতা এবং সকলের সামনে তাঁকে এতটাই সজোরে একটি চড় মারেন যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। একজন পুরুষের হাতের শক্তির কাছে এক নারীর পক্ষে সেই ধাক্কা সামলানো কঠিন হয়ে পড়েছিল বলেই জানান তিনি। শুধু তাই নয়, ওই পরিস্থিতিতে কেউ তাঁর পাশে দাঁড়ায়নি এবং তাঁকে ও তাঁর পরিবারকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। অপমান ও মানসিক অবসাদে তৎক্ষণাৎ শুটিং সেট ছেড়ে বাড়ি চলে যান এবং অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন অভিনেত্রী। 

পরবর্তীতে এই বিতর্কে আসরে নামেন প্রযোজক একতা কাপুর। সানভির দাবি অনুযায়ী, গোটা ঘটনার জন্য করণের পক্ষ থেকে তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন একতা এবং তাঁকে বুঝিয়েসুঝিয়ে সেটে ফিরিয়ে আনেন। এমনকী এই চুমুর ঘটনার আগেও নাকি শুটিং করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন সানভি। করণের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে বারবার অস্বস্তিতে পড়েছিলেন বলে ওই সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, করণের তখনকার প্রেমিকা অনুষা দান্ডেকরের কাছেও তিনি এই সমস্যা নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। সানভি জানান, তারপর থেকে নাকি অনুষা নিয়মিত সেটে আসতেন এবং করণের উপর কড়া নজরদারি চালাতেন। 

যদিও এই গুরুতর অভিযোগের বিষয়ে করণ কুন্দ্রার তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইন্ডাস্ট্রির এই পুরোনো খোঁচা ফের একবার সোশ্যাল মিডিয়ায় চর্চার জন্ম দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত