যুক্তরাষ্ট্রের টানা অষ্টম দিনের হামলার পর উপসাগরীয় দুই দেশ কুয়েত ও বাহরাইনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রবিবারের এসব হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি উৎপাদন কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
কুয়েত ও বাহরাইন, উভয় দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় এ হামলাকে 'জঘন্য ইরানি আগ্রাসন' বলে নিন্দা জানিয়েছে। অন্যদিকে বাহরাইনের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একাধিক হামলা প্রতিহত করেছে।
ইরানের সেনাবাহিনীর দাবি, কুয়েতের ক্যাম্প আল-আদিরিতে অবস্থিত মার্কিন গোলাবারুদ গুদাম এবং আলি আল সালেম বিমানঘাঁটির আকাশ প্রতিরক্ষা রাডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে দক্ষিণ ইরানের আকাশে একটি মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে তেহরান।
এদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, জর্ডানের আকাবা শহরের দিকে ছোড়া একটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও জর্ডানের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সামরিক সক্ষমতা দুর্বল করা এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা ইরানের বিভিন্ন স্থাপনায় সাম্প্রতিক হামলা চালিয়েছে। এদিকে এর জবাবেই এসব পাল্টা হামলা পরিচালনা করছে বলে জানায় ইরান।