বর্তমান সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমান সরকারের যাত্রার দেড় মাসের মধ্যে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করার মধ্যদিয়ে এই উপজেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে। আমাদের প্রধান মন্ত্রী তারেক রহমান সরকারের কার্যক্রম শুরুর পর এত দ্রুত এ কাজটি করবেন তা আমাদের জানা ছিল না। তিনি শুক্রবার বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা অজিফা উচ্চ বিদ্যালয়ের মাঠে লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ও অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, আজকের দিনটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। যারা দীর্ঘ দিন ধরে মনের মধ্যে একটি লালিত স্বপ্ন দেখেছিলেন তারা আজ স্বপ্নকে বাস্তবে পেয়েছেন। আমার নিজের জীবনেরও একটি অংশ হয়ে থাকবে।
জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, পুলিশ সুপার আবু তারেক, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ভিপি বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুফা ইয়াছমিন নিপা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষি বিভাগের পক্ষ থেকে ২০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঁচটি করে নারিকেল গাছের চারা বিতরণ করেন।