বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। শুক্রবার (২৪ জুলাই) তিনি পদত্যাগের পর শূন্য হওয়া এই পদের জন্য দ্রুতই নির্বাচনী তফসিল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন যে, শনিবার সাপ্তাহিক ছুটি শেষে আগামী রবিবার বা তার পরবর্তী সময়ে বৈঠকের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিদ্যমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য এই নির্বাচনের ভোটার। ইসি প্রথমে দ্রুততম সময়ে তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত ও চূড়ান্ত করবে এবং এরপরই আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করবে।
১৯৯১ সালের 'রাষ্ট্রপতি নির্বাচন আইন' অনুযায়ী সমগ্র নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হবে। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
নির্বাচনটি অনেকটা সংরক্ষিত নারী আসনের পদ্ধতির মতো হবে। প্রার্থী একাধিক হলে নির্ধারিত দিনে জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে একক বৈধ প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন গুরুতর শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।