নিখোঁজের তিন দিন পর রাজধানীর বাড্ডা থেকে মাটিচাপা দেওয়া অলিউর রহমান ওরফে অলি (২৪) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা নাজমা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। পুলিশ জাহিদ ও জাবেদ নামে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। পাওনা টাকা চাওয়ায় অলিউরকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে মাটিচাপা দেওয়া হয়েছিল বলে দাবি করেছে পরিবার ও পুলিশ।
অলিউর পূর্ব বাড্ডার জোড়াখাম্বা এলাকায় ভাড়া থাকতেন। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফপুর গ্রামে। তিনি মৃত আসাদ মিয়ার ছেলে। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
অলিউরের খালাতো ভাই রুবেল মিয়া বলেন, গত মঙ্গলবার থেকে অলিউর নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে তার অটোরিকশাটি উদ্ধার হলেও তিনি নিখোঁজ ছিলেন। গত বুধবার পূর্ব বাড্ডার বালুরমাঠ এলাকায় ময়লার স্তূপের পাশে অলিউরের ব্যবহৃত এক জোড়া স্যান্ডেল ও রক্তমাখা একটি পাঞ্জাবি পাওয়া যায়। পরে বিষয়টি বাড্ডা থানায় জানানো হলে পুলিশ তদন্ত শুরু করে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার রাতে উলারটেক এলাকার একটি পরিত্যক্ত জমি থেকে পলিথিনে মোড়ানো ও মাটিচাপা দেওয়া অবস্থায় অলিউরের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অলিউরের মাথার পেছনে, বাম কানের নিচে এবং মাথার খুলিতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া একটি ফুলহাতা শার্ট দিয়ে তার মুখ শক্ত করে বাঁধা ছিল।