স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৫ জুলাই) হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণে চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশের ৫০ শয্যার হাসপাতালগুলো পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। চিকিৎসাসেবার মান বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা তার নজরে আসে। একপর্যায়ে হাসপাতালের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, আমার দেশের দরিদ্র মানুষ প্রয়োজনীয় ওষুধ পায় না, অথচ এখানে লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে আছে। এমনকি হাসপাতালের বাথরুমেও ছড়িয়ে-ছিটিয়ে সরকারি ওষুধ পাওয়া গেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনাস্থলেই বাগেরহাটের সিভিল সার্জন, ডিডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে এসব অনিয়মের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে মন্ত্রী হাসপাতালের পাশের একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন।

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যেই এ সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত