পিএসজি ছেড়ে আতলেতিকোতে কাং-ইন লি

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৭:১৫ পিএম

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে স্প্যানিশ লা লিগায় ফিরলেন দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার কাং-ইন লি। প্রায় ৪০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬০ কোটি টাকা ট্রান্সফার ফিতে ২৫ বছর বয়সী এই তারকাকে ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে দলে ভিড়িয়েছে আতলেতিকো মাদ্রিদ।

দুক্ষিণ কোরিয়ান ইনচিয়নে জন্ম নেওয়া এই ফুটবলার মাত্র ১০ বছর বয়সে স্পেনে পাড়ি জমিয়ে ভ্যালেন্সিয়ার বিখ্যাত অ্যাকাডেমিতে যোগ দেন। পরে ক্লাবটির সিনিয়র দলের হয়ে ৬২টি ম্যাচ খেলার পর তিনি ২০২১ সালে মায়োর্কায় নাম লেখান। সেখানে দুই মৌসুম খেলার পর ২০২৩ সালে পিএসজিতে পাড়ি জমানোর পর ফরাসি ক্লাবটির হয়ে ১২৪ ম্যাচে মাঠে নেমে ১৬টি গোল করেছেন তিনি। প্যারিসে কাটানো সময়ে দুটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লিগ ওয়ান শিরোসাসহ মোট ৯টি বড় ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন এই উইঙ্গার।

ভ্যালেন্সিয়া ও মায়োর্কার হয়ে এর আগে স্প্যানিশ ফুটবলে খেলার অভিজ্ঞতা থাকায় লা লিগার পরিবেশ কাং-ইনের জন্য পরিচিতই বটে। আতলেতিকোর স্পোর্টিং ডিরেক্টর মাতেও আলেমানির হাত ধরে আসা কাং-ইন মূলত ডিয়েগো সিমিওনের দলের আক্রমণভাগকে নতুন রূপ দিতেই যোগ দিয়েছেন। মিডফিল্ড বা উইং, উভয় পজিশনেই খেলার বহুমুখী ক্ষমতা রয়েছে তার।

২০১৯ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এই মিডফিল্ডার দেশের হয়ে ৫০টি ম্যাচ খেলার পাশাপাশি কাতার ও ২০২৬ সালের বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করেছেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার এই আগমন স্প্যানিশ ক্লাবটির এশীয় বাজারের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতেও দারুণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত