ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে উচ্চশিক্ষার পরিধি আজ আর শুধু শ্রেণিকক্ষ কিংবা মুদ্রিত বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাদান, গবেষণা ও জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করতে ডিজিটাল লাইব্রেরি ও অনলাইন তথ্যভাণ্ডার গড়ে তুলছে। এই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি) সম্প্রতি চালু করেছে একটি আধুনিক ডিজিটাল আর্কাইভ, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাদের জন্য উন্মুক্ত এক সমৃদ্ধ জ্ঞানভাণ্ডার।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ডিজিটাল আর্কাইভে ৩,০০০-এরও বেশি ই-বুক, দেশি-বিদেশি অসংখ্য একাডেমিক জার্নাল, গবেষণাপত্র, প্রবন্ধ এবং বিভিন্ন ডিজিটাল প্রকাশনা যুক্ত করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা একই প্ল্যাটফর্ম থেকে নির্ভরযোগ্য ও মানসম্মত একাডেমিক তথ্য সহজেই ব্যবহার করতে পারবেন। এই উদ্যোগের অন্যতম আকর্ষণ হলো স্বতন্ত্র ইউজার প্রোফাইল ও লগইন সুবিধা। শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাদের জন্য আলাদা অ্যাকাউন্টের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে প্রত্যেকে নিজ নিজ প্রয়োজন অনুযায়ী নিরাপদ ও সহজ উপায়ে ডিজিটাল আর্কাইভ ব্যবহার করতে পারবেন। শিক্ষার্থীরা পাঠ্যক্রম, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, প্রজেক্ট এবং গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য ও রেফারেন্স সংগ্রহ করতে পারবে এই প্ল্যাটফর্ম থেকে। এতে আধুনিক শিক্ষার সুযোগ যেমন বাড়বে, তেমনি বিশ্লেষণী চিন্তাশক্তি ও গবেষণামুখী মনোভাবও বিকশিত হবে। শিক্ষকদের জন্য এই ডিজিটাল আর্কাইভ আন্তর্জাতিক মানের জার্নাল, গবেষণা প্রকাশনা এবং সর্বশেষ একাডেমিক রিসোর্স ব্যবহারের সুযোগ সৃষ্টি করেছে। এসব উপকরণ পাঠদানকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি কোর্স পরিকল্পনা, গবেষণা এবং একাডেমিক তত্ত্বাবধানে কার্যকর সহায়তা প্রদান করবে। প্রশাসনিক কর্মকর্তারাও এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবস্থাপনা, নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত জ্ঞানবিষয়ক বিভিন্ন প্রকাশনা ব্যবহার করে নিজেদের কর্মদক্ষতা ও পেশাগত সক্ষমতা আরও সমৃদ্ধ করতে পারবেন। ব্যবহারকারীদের জন্য আধুনিক ডেস্কটপ কম্পিউটার সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ শীতাতপ নিয়ন্ত্রিত ডিজিটাল আর্কাইভ রুম স্থাপন করা হয়েছে।
নিরিবিলি ও প্রযুক্তিসমৃদ্ধ এই পরিবেশে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ডিজিটাল আর্কাইভে প্রবেশ করে পড়াশোনা, তথ্য অনুসন্ধান, গবেষণা এবং অন্যান্য একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই ডিজিটাল আর্কাইভ শুধু একটি তথ্যভাণ্ডার নয়; এটি প্রযুক্তিনির্ভর শিক্ষা ও গবেষণার প্রতি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন। এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষাকে আরও সহজলভ্য, গবেষণাকে আরও গতিশীল এবং জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ মুখী উচ্চশিক্ষা নিশ্চিত করতে এমন উদ্যোগ শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।