ভারতের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) জানিয়েছে, গত শুক্রবারই ১৪ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীও রাজ্য সরকারের ত্রাণ ও উদ্ধার অভিযানে সহায়তা করছে। দুর্যোগ পরিস্থিতির বিষয়ে গতকাল শনিবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনালাপে আসামের বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতি এবং চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন মোদি।
হিমন্ত বিশ্ব শর্মা জানান, ২ হাজারের বেশি গ্রামের ১১ লাখেরও বেশি মানুষ বন্যার প্রভাবে দুর্ভোগে আছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় মন্ত্রীরা সরাসরি ত্রাণ কার্যক্রম তদারকি করছেন। তিনি আরও জানান, বর্তমানে ১৬২টি ত্রাণশিবিরে ৪১ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে তিনি বলেন- প্রধানমন্ত্রী ক্ষয়ক্ষতির পরিমাণ, ত্রাণ কার্যক্রম এবং মাঠপর্যায়ের চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত জানতে চান। মুখ্যমন্ত্রী জানান, প্রাণহানি ও সম্পদের ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে আশ্বাস দিয়েছেন যে, এই দুর্যোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কেন্দ্র সরকার ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠনে সব ধরনের সহায়তা করবে।