সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার প্রসঙ্গে আইনমন্ত্রী

আইন অনুযায়ী বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি প্রচলিত আইন অনুযায়ী বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। আজ রবিবার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সদ্য পদত্যাগী রাষ্ট্রপতির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরলেন। 

এর আগে তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পদত্যাগী সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও তাকে  গ্রেপ্তারের জন্য এনসিপির দাবির বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘দাবি তারা করতেই পারেন। নিশ্চয়ই পারেন। কিন্তু আমরা সরকারের পক্ষ  থেকে  সেটা আইনসঙ্গতভাবে  দেখব। তাদের দাবি আইনসঙ্গতভাবে কতটুকু যৌক্তিক, কতটুকু ঠিক আছে, আইনসঙ্গতভাবে কী ব্যবস্থা নেওয়া যায়  সেটা আমরা দেখব।’

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘সংবিধানের ১২৩ এর ২ অনুচ্ছেদ অনুসারে এটা যেদিন রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন তার ৯০ দিনের মধ্যে হওয়ার কথা। এটা সাংবিধানিকভাবেই সেটেল্ড ইস্যু।’

জুলাই আন্দোলনের মামলার বিষয়ে আইন মন্ত্রী বলেন, ‘মামলাগুলো আমরা ফার্স্ট ট্র্যাকে নেওয়ার চেষ্টা করছি। অচিরেই আইসিসির পক্ষ থেকে ফার্স্ট ট্র্যাকে যাবে। মামলাগুলো আমরা যাচাই-বাছাই করেছি। ইতোমধ্যে ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারা সংশোধন করে আইন পাশ করা হয়েছে। মিথ্যা মামলার যে অভিযোগ সেটা কমানোর জন্য করা হয়েছে। আপনারা (সাংবাদিক) বরং খবর নেন যে এই সরকারের আমলে পুলিশ বাদী হয়ে কোনো মামলা করেছে কী-না। এক্সট্রা জুডিশিয়াল কোনো কিলিং হয়েছে কী-না। গুম হচ্ছে কী-না। যদি তথ্য পান অবশ্যই আমাদের জানাবেন। আমরা ব্যবস্থা নেব।’ 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত