আইনমন্ত্রী

পহেলা জুনেই রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু

আপডেট : ২৭ মে ২০২৬, ১১:১৭ পিএম

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আপনারা ধৈর্য ধরুন। রামিসার মতো মাগুরার আসিয়াসহ যেসব ফাঁসির আসামির মামলা রয়েছে, সেগুলোর নিষ্পত্তি আমরা দ্রুততম সময়ের মধ্যে করব, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় বাংলাদেশের সবচেয়ে সংবেদনশীল কয়েকটি হত্যা মামলার মধ্যে ছিল মেজর সিনহা হত্যা মামলা ও আবরার ফাহাদ হত্যা মামলা। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এসব হত্যা মামলার বিচারপ্রক্রিয়া হাইকোর্ট পর্যন্ত সম্পন্ন করতে চেয়েছিলাম। আশা করি, আপিল বিভাগও এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।’

বুধবার (২৭ মার্চ) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ  মাঠে ‘মেধা ও মনন মঞ্চ’ আয়োজিত ‘দ্য গ্র্যান্ড ফিনাল-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, ‘আমি বলেছিলাম এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যা মামলার চার্জশিট হবে। আপনারা দেখেছেন, এক সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই চার্জশিট দাখিল করা হয়েছে। আমরা রামিসা হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় যেমন স্বচ্ছতা নিশ্চিত করতে চেয়েছি, তেমনি এ ধরনের অপরাধীদের জন্য দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতেও নিরলসভাবে কাজ করছি। এরই অংশ হিসেবে আগামী ১ জুন থেকেই রামিসা হত্যা মামলার বিচারের কার্যক্রম শুরু হবে।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘আমরা শৈলকুপাকে মাদকমুক্ত করতে চাই। আপনাদের মতো মেধাবী তরুণদের হাতে যেন মাদকের নেশা না পৌঁছায়, সে জন্য মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এই সংগ্রামে সবার আগে আপনাদের সহযোগিতা প্রয়োজন।’

তিনি শিক্ষাঙ্গনে খেলাধুলা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ক্রীড়াচর্চা বাড়ানো জরুরি।

আইনমন্ত্রী বলেন, ফাঁসির আসামিদের পেপার বুক তৈরির দীর্ঘসূত্রিতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, ‘এই বিষয়ে শুধু সরকার নয়, সুপ্রিম কোর্টও সংশ্লিষ্ট। আমি ইতোমধ্যে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছি। বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করতে যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমরা তা নেব।’

‘মেধা ও মনন মঞ্চ’ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আমি চাই না কেউ মনে করুক, রাজনৈতিক উদ্দেশ্যে আমি এখানে এসেছি। আমি চাই, এই সংগঠনটি সমাজের একটি অরাজনৈতিক ও সচেতন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করুক।’

তিনি আরও বলেন, ‘সবাইকে রাজনীতি করতে হবে না। আমি চাই শৈলকুপার শিক্ষার্থীরা বেশি বেশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও আইনজীবী হোক। তাদের সাফল্য শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক।’

অনুষ্ঠানে ‘মেধা ও মনন মঞ্চ’-এর সভাপতি মাসুম বিল্লাহ তুর্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যাল–এর উপাচার্য প্রফেসর ডা. এ কে এম মতিনুর রহমান, রোজ সোয়েটার্স লিমিটেডের চেয়ারম্যান প্রবীর সাহা বিদ্যুৎ এবং শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি বছরব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত