কুর্মিটোলা হাসপাতালের দেওয়ালে বাসের ধাক্কা, নিহত ১

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৭ পিএম

রাজধানীর মহাখালী থেকে উত্তরাগামী চলাচল করা প্রজাপতি পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের দেওয়ালে ধাক্কা দেয়। এ সময় ফুটপথে দাঁড়িয়ে থাকা রফিকুল ইসলাম নামে এক হোটেলের কর্মচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। রবিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাসটি মহাখালী থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল গেটসংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের ওয়ালে ধাক্কা মারে। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালেই ভর্তি করা হয়। 

এদিকে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। হাসপাতাল গেটসংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমটি ভেঙে গেছে। দুর্ঘটনার পর বাসের চালককে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

বাসের যাত্রীরা জানান, কুর্মিটোলা আসার পর যাত্রী নামানোর জন্য বাস চালক বাস রাস্তার পাশে দাঁড় করানোর চেষ্টা করলে ব্রেক ফেল হয়ে হাসপাতালের রাস্তায় ঢুকে যায়। এ সময়, রাস্তায় দাড়িয়ে থাকা দুইজনের একজন সরে গেলেও বাকিজন বাস চাপায় ঘটনাস্থলে নিহত হন।

এ বিষয়ে ডিএমপির ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নাজমুল হক বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে। এছাড়া বাসটিও জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত