দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর সোমবার (২৭ জুলাই) পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট।
রবিবার (২৬ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে আফরোজা খানম জানান, এতে সরাসরি উপকৃত হবে জাপান প্রবাসী আড়াই লাখ বাংলাদেশি। সেই সঙ্গে এতে দু’দেশের সম্পর্কের উন্নতি হবে বলেও তিনি জানান। অলাভজনক বিবেচনায় আগে এ রুটে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান। প্রাথমিকভাবে ঢাকা-নারিতা রুটে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, এই বিমান সেবা শুধু একটি পরিবহন সেবা নয় বাংলাদেশ-জাপান সম্পর্কের অর্থনীতিও সচল হবে, অংশীদারত্ব আরও শক্তিশালী হবে। তার ভাষ্য, আমাদের লক্ষ্য শুধু রুট চালু করা না বরং এতে জাপানের সঙ্গে অংশীদারত্বও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী প্রবাসীদের সেবা করার জন্যেই আমাকে দায়িত্ব দিয়েছেন, এখন থেকে ফ্লাইট আর বন্ধ হবে না।