ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ‘চোর’ ও ‘দণ্ডপ্রাপ্ত’ বলে কটাক্ষ করায় আর্জেন্টিনা থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে ব্রাজিল। বার্তা সংস্থা এএফপির সূত্রমতে, আর্জেন্টিনায় নিযুক্ত ব্রাজিলিয়ান রাষ্ট্রদূত জুলিও বিটেল্লি সোমবারের মধ্যে দেশে ফিরে যাবেন।
রবিবার (২৬ জুলাই) ব্রাজিলের সাও পাওলোতে ডানপন্থী নেতা ফ্লাভিও বলসোনারোর প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে ফ্লাভিও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সমাবেশে লুলার নাম সরাসরি উল্লেখ না করলেও তাঁকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করেন মিলে। একই মঞ্চে উপস্থিত ফ্লাভিও বলসোনারোকে ইঙ্গিত করে তিনি বলেন, লুলাকে থামাতে একমাত্র তিনিই সক্ষম।
এর পর ব্রাজিলের কূটনীতিকরা অভিযোগ করেন, মিলে শুধু ব্রাজিল সরকারকেই নয়, দেশটির জনগণ ও গণতন্ত্রকেও অপমান করেছেন।
রবিবার পরে এক বক্তব্যে লুলা বলেন, তিনি কারও হস্তক্ষেপ ছাড়াই দেশ পরিচালনা করবেন। তিনি আরও বলেন, 'ব্রাজিলে আমরা কাউকে তার সীমার বাইরে নাক গলাতে দিই না।'
ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে। গত বছর ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যে অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে জাইর বলসোনারোকে ২৭ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়। তিনি সর্বশেষ নির্বাচনে লুলার কাছে পরাজিত হওয়ার পর ওই ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিলেন বলে আদালত রায় দেয়।
জাইর বলসোনারোর বিরুদ্ধে মামলার বিচারক ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েসকেও আক্রমণ করেন মিলে। তিনি বিচারপতিকে ‘টাকমাথা আবর্জনা’ বলে অবমাননাকর মন্তব্য করেন।
এর আগে ব্রাসিলিয়ায় গৃহবন্দি থাকা জাইর বলসোনারোর সঙ্গে দেখা করার জন্য মিলে যে অনুমতি চেয়েছিলেন, তা প্রত্যাখ্যান করেছিলেন বিচারপতি মোরায়েস।