শায়েস্তাগঞ্জে ১৪ গরুসহ পিকআপ ছিনতাই, দুই দিনেও উদ্ধার হয়নি গাড়ি

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১৪টি গরুবোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের দুই দিন পার হলেও এখনো উদ্ধার হয়নি ছিনতাই হওয়া গাড়ি ও গরুগুলো। এ ঘটনায় ব্যবসায়ীদের মারধর ও জিম্মি করে নগদ ২ লাখ ৪ হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোন এবং গরুবোঝাই পিকআপ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটে গত শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে। ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার পূর্বে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এবং পশ্চিম পাশে শায়েস্তাগঞ্জ থানা অবস্থিত।

ভুক্তভোগী গরু ব্যবসায়ী জোবায়ের আহমেদ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের আব্বাস মিয়ার ছেলে। তিনি জানান, তাদের পরিবার বাপ-দাদার আমল থেকেই গরুর ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু এত বড় ছিনতাইয়ের ঘটনার মুখোমুখি আগে কখনো হতে হয়নি। 

জোবায়ের আহমেদ বলেন, শনিবার রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার জাফলং বাজার থেকে ১৪টি গরু কিনে একটি পিকআপে করে বাড়ি ফিরছিলেন। পথে শায়েস্তাগঞ্জের শানখোলা সড়কের মোড়ে পৌঁছালে একটি ড্রাম ট্রাক দিয়ে তাদের গাড়ির গতিরোধ করা হয়। পরে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তাদের মারধর করে গাড়ি থেকে নামিয়ে জিম্মি করে। একপর্যায়ে গরুবোঝাই পিকআপ, ১৪টি গরু, নগদ ২ লাখ ৪ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা।

এদিকে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও ছিনতাই হওয়া গরু ও পিকআপ উদ্ধার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ভুক্তভোগীকে সুস্পষ্টভাবে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু এরপর তিনি আর থানার সঙ্গে যোগাযোগ করছেন না। এমনকি গরু কেনার রশিদও দেখাতে পারছেন না। অভিযোগ না পেলে আমরা তেমন কিছু করতে পারি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত