বগুড়ায় বিয়ে বিচ্ছেদ হওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০২:৪৩ পিএম

বগুড়ার গাবতলী উপজেলায় বিয়ে বিচ্ছেদ হওয়ায় রিফাত আলী খান (১৭) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে গাবতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রিফাত আলী খান উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমারপাড়ার রুবেলের ছেলে। সে স্থানীয় কদমতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পরিবারের সদস্যদের অজান্তে নিজ বাড়ির টিনশেড ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে রিফাত।

পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে গাবতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

কয়েক মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক তরুণীকে বিয়ে করে রিফাত। প্রায় তিন মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। সেই হতাশা থেকেই সে আত্মহত্যা করে থাকতে পারে বলে পুলিশের  ধারণা।

গাবতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত