‘লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি চন্দনাইশ শাখার উদ্যোগে তিন দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেন শুরু হয়েছ। গতকাল সোমবার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মো. মেজবাহ উদ্দিন মাহবুব। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে নগদবিহীন লেনদেনের সুবিধা ও ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে ক্যাশলেস লেনদেনের সুবিধা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
কর্মসূচি উপলক্ষে গাছবাড়িয়াস্থ ওয়ান আজিজ সেন্টারে এক বর্ণাঢ্য র্যালি ও ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের চন্দনাইশ শাখার ব্যবস্থাপক এইএম রিয়াজুল হাসান। ব্যাংকের রিটেইল ও ক্যাশলেস/ডিজিটাল প্রোডাক্ট নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের এডিসি রিজিওনাল ইনচার্জ মো. জামাল উদ্দিন তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের রিজিওনাল ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পটিয়া শাখার ব্যবস্থাপক বিপ্লব চক্রবর্তী, বৈলতলী উপশাখার ব্যবস্থাপক ধীমান দত্ত, ব্যবসায়ী প্রতিনিধি সাদ্দাম হোসেন ও পারভেজ, পূবালী ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
