বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে একটি জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা +৮৮০১৩৫৭০৭৮০২২ নম্বর এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি ও প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে।
এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, +৮৮০১৩৫৭০৭৮০২২ নম্বরটি উপাচার্যের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কোনো নম্বর নয়। একই সঙ্গে জানানো হয়, উপাচার্য ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কোনো প্রয়োজনে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কারও কাছে অর্থ দাবি করেন না।
এ অবস্থায় এ ধরনের কল, বার্তা বা অনলাইন যোগাযোগ পেলে বিভ্রান্ত না হয়ে অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাউবি। এ ধরনের প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা বা কোনো তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।
