বরিশালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতে কাঠামোগত পরিবর্তন জরুরি

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৯ এএম

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য বেতন, কর্মপরিবেশ ও অবসরকালীন জীবনের স্বাচ্ছন্দ নিশ্চিত করতে গণমাধ্যম খাতে কাঠামোগত পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকতার গুণগত উন্নয়নের সুফল তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হলেও এর ইতিবাচক প্রভাব জাতি দীর্ঘদিন ভোগ করবে।

গতকাল সোমবার সকালে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল। মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করছে না। তবে শুধু স্বাধীন পরিবেশ নিশ্চিত করলেই দায়িত্ব শেষ হয় না। সাংবাদিকদের জীবনমান, পেশাগত নিরাপত্তা, বেতন-ভাতা, কর্মপরিবেশ এবং ওয়েজ বোর্ড বাস্তবায়নের মতো বিষয়গুলোও সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো একজন পেশাদার, মেধাবী ও দায়িত্বশীল সাংবাদিক মর্যাদার সঙ্গে এই পেশায় টিকে থাকতে পারবেন কি না এবং অবসরের পর একজন সম্মানিত নাগরিক হিসেবে জীবনযাপনের নিশ্চয়তা পাবেন কি না। এ বিষয়গুলো সমাধানে কাঠামোগত সংস্কার প্রয়োজন।

জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যমের গুণগত পরিবর্তনের সুফল কোনো বড় অবকাঠামো নির্মাণের মতো দৃশ্যমান হবে না, কিন্তু এর ইতিবাচক প্রভাব জাতি শতশত বছর ভোগ করবে। তাই একটি পরিচ্ছন্ন ও টেকসই গণমাধ্যম কাঠামো গড়ে তোলা জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত