দেশে বর্তমানে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার মতো কোনো আশঙ্কাজনক লক্ষণ নেই বলে মনে করছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সিটিটিসি প্রধান মোহাম্মদ শামসুল হক। তিনি বলেন, তবে সামাজিক মাধ্যমসহ সম্ভাব্য উগ্রবাদী তৎপরতার ওপর সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। গতকাল সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক সময়ে কেরানীগঞ্জসহ কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনা এবং সর্বশেষ মতিঝিলে ছাতার ভেতরে বোমাসদৃশ বস্তু উদ্ধারের পরিপ্রেক্ষিতে দেশে উগ্রবাদী তৎপরতা বাড়ছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে সে রকম পরিস্থিতি দেখছি না। কোথাও এমন তথ্য পেলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে কি না প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে এখনই এমন কিছু বলার সুযোগ নেই।
