রাজধানীর শান্তিনগরে ফুটপাত থেকে গতকাল দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর। এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে আরও দুজন ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর। পল্টন থানার উপপরিদর্শক মাহফুজ আক্তার জানান, খবর পেয়ে শান্তিনগর ফ্লাইওভারের নিচে ফুটপাত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর বলা যাবে।
এদিকে গতকাল সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগের পাশ থেকে দুই নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই দুই নারী অসুস্থ হয়ে জরুরি বিভাগের পাশে পড়ে ছিলেন। পথচারীরা দেখতে ক্যাম্পে খবর দেন। এরপর জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহায়তায় তাদের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ওই দুই নারী ভবঘুরে প্রকৃতির। হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করতেন। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
