চরম বিশৃঙ্খলা ইতালির ফুটবলে: ১৬ দিনে পদত্যাগ মালদিনির

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৮:৪২ এএম

টানা তৃতীয়বার বিশ্বকাপ খেলতে ব্যর্থ ইতালিয় ফুটবলে বিশৃঙ্খলা আর নাটকের নতুন অধ্যায় শুরু হয়েছে। ভবিষ্যৎ ফুটবলের এক মহৎ পরিকল্পনা হাতে নিয়ে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় পদত্যাগ করেছেন কিংবদন্তি পাওলো মালদিনি এবং তার বিশেষ উপদেষ্টা লেয়েনার্দো। মাত্র চার দিন আগেই এক সাংবাদিক সম্মেলনে তারা ইতালি জাতীয় দলকে ঢেলে সাজানোর সাহসী পরিকল্পনার কথা জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে ভেঙে পড়লো পুরো প্রকল্প।

কেন এই আকস্মিক পদত্যাগ?

নতুন ইতালির পথচলা শুরুর লক্ষ্যে প্রথমে কার্লো আনচেলত্তি এবং পরবর্তীতে পেপ গার্দিওলার মতো হাই-প্রোফাইল কোচদের সাথে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি। পরবর্তীতে সাবেক তারকা ফুটবলার আন্দ্রেয়া পিরলোকে কোচ করার সিদ্ধান্ত নেন মালদিনি ও লেয়েনার্দো।

তবে একটি রাশিয়ান বেটিং প্রতিষ্ঠান ‘ফনবেট’-এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পিরলোর চুক্তির বিষয়টি সামনে আসতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো এই নিয়োগে বাধা দিলে দ্বন্দ্ব চরমে ওঠে। ক্ষমতার ভারসাম্য ও স্বাধীনভাবে কাজ করার স্বাধীনতা না পেয়ে শেষ পর্যন্ত বিদায়ের পথই বেছে নেন মালদিনি ও লিওনার্দো।

'আমরা এমন কাউকে বেছে নিতে চেয়েছিলাম যিনি কেবল জাতীয় দল নয়, পুরো অ্যাকাডেমি সিস্টেম তদারকি করবেন। কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে শতভাগ ঐক্যমত থাকা জরুরি ছিল,' বলেছেন জিওভান্নি মালাগো।

কোচের দৌড়ে ফের মানচিনি ও কোন্তে

মালদিনি বিদায় নেওয়ার পর ইতালি ফুটবল ফেডারেশন এখন আবারও তাদের পুরানো ধারায় ফিরে গেছে। নতুন কোচের দৌড়ে ঘুরেফিরে সেই দুটি পরিচিত নামই সামনে আসছে- রবার্তো মানচিনি এবং অ্যান্টোনিও কন্তে।

রবার্তো মানচিনি: ফেডারেশন সভাপতি জিওভান্নি মালাগো ব্যক্তিগতভাবে মানচিনির প্রত্যাবর্তন চাইছেন। ইউরো ২০২০ জয়ী এই কোচ সৌদি আরব ও আল-সাদ অধ্যায় শেষে বর্তমানে চুক্তিহীন রয়েছেন।

অ্যান্টোনিও কন্তে: সেরি ‘আ’-র দলগুলোর প্রথম পছন্দ কোন্তে। নাপোলির সাথে দুই বছরের সম্পর্কের পাট চুকিয়ে তিনিও বর্তমানে ফ্রি এজেন্ট। ২০১৪-১৬ মৌসুমে ইতালির কোচের দায়িত্বে সফলতা দেখিয়েছিলেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত