মানুষ মানুষের ভয়ে তটস্থ

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৩:০৫ এএম

এইডা আবার কি কথা মানুষ, মানুষের ভয়ে মরছে! আরে মিয়া ভাই মানুষ একটা সামাজিক জীব, হ্যেরা বেবাগতে মিল্লামিইশ্যা এক লগে বসবাস করের আর আপনে কন মানুষ, মানুষের ভয়ে মরছে! ধ্যাৎ এইডা হয় নাকি?

আচ্ছা ভাই এই যে গত কয়েক দিন আগে চট্টগ্রামে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের তোরা অফিসে যেয়ে চাঁদার জন্য ভাঙচুর করলি, বললি চাঁদা না দিলে ব্যবসা করতে পারবেন না। এটা কি মানুষ করেনি?

হ, মাইনেশ্যেই কোরছে। তবে হ্যেরা বদমানুষ। মানুষ কুনো দিন অন্য লোকের জিনিস জুর কইরা খাওয়াতো দূরের কথা ধইরাও দেখবো না। মনে করেন কুত্তা, হ্যের যুদি ক্ষিদা লাগে, আর সামনে যুদি দ্যেখে কুনো খাবার, তয়লে কিন্তু কুত্তা একবারও চিন্তা কোরবোনা এই খাবারের মালিক ক্যেডা, খাবারের দাম কত, কাউরে না জিগায়া খাওন ঠিক হোইবো কিনা, কুত্তা সিধা খাওনে মুখ দিয়া বোইবো। কিন্তু মাইনশ্যের হাজার ক্ষিদা লাগুক হ্যেয় পরের খাওনে মুখ লাগাইবো না, কারণ হ্যেয় মানুষ।

ভাই তোমরা যদি মানুষই হও, তাহলে সমাজে এ্যাতো অসংগতি বিরাজ কোরছে ক্যেনো?

স্যার আপনেরা শিক্ষিত মানুষ আপনেরা বুজেন না সমাজের এই অসংগতির কথা! চিন্তা করেন বাংলাদেশের জন্মের আগে এই ভূখ-ে আপনেরাই বসবাস করতেন, ঠিক কি না? 

আরে ভাই এত পানির মতো স্বচ্ছ, বিশ^ মানচিত্রে বাংলাদেশের অবস্থানের পূর্বে এই অঞ্চলে আমি আমার পূর্ব পুরুষ তারাই বসবাস করতেন।

তারা কি মানুষ আছিলো না?

নিশ্চয় তারা মনুষ্য পদবাচ্য প্রাণীই ছিলেন, অন্য কিছু ছিলেন না।

তায়লে, তহন কি ব্যবসায়িগো কুনো মানুষ চান্দা না দিলে ব্যবসা করতে দিবো না, চান্দা না দিলে ভাঙচুর এমুন কুনো ঘঁটনা ঘটছে?    

আরে নারে ভাই, তখন সমাজে এইসব চাঁদাবাজি-গু-াগার্দি, নিরীহ মানুষের ওপর সবলের অত্যাচার, ক্ষণে ক্ষণে নারীদের ওপর অত্যাচার, দলবেঁধে গ্যাং অত্যাচার এসবের ধারণাই ছিল না।

এলা বুঝেন, তহনো তো আপনেরাই সমাজে বসবাস করতেন, তহন তো আপনেরাই দেশের মইধ্যে ব্যবসা কোরতেন, আপনেগোর বইন-মাইয়ারাইতো সমাজে চলাফেরা কোরতো, তাইলে তহন আপনেরা সমাজে মাইনেশ্যের মতুন চলাফেরা কোরতেন অহন পারেন না ক্যেন? স্বাধীনতার পর কি আপনেগো ডিএনএ চেঞ্জ হয়া গেছেগ্যা?

না না, ডিএনএ কেনো রাতারাতি চেঞ্জ হবে! তখন সমাজে একটা সিসটেম ছিল সবাই তার প্রোটকল মেনে চলত। তখন কোনো বাড়ির গৃহকর্মী চারশ কোটি টাকার মালিক হবে! তা ভাবাই যায় না! আরে জানিস আমাদের সময় রেশনের ব্যবস্থা ছিল। তখন অনেক রেশনের দোকানদার যেসব চিনি, চাল বা আটা, পুরোটা শেষ হতো না সেটা গোপনে, খোলাবাজারে বিক্রি করে কিছু মুনাফা করত। ব্যাস যেই বিষয়টা আর গোপন থাকেনি, জানাজানি হয়েছে, সঙ্গে সঙ্গে ফুড ডিপার্টমেন্টের লোকেরা রেশনের দোকানদারদের গোডাউন সার্চ করতে শুরু করল। আর যেসব চালাক রেশনের দোকানদার নিজ বাড়িতে চাল চিনি মজুদ করেছিল, তারা সব রাতারাতি বাড়ির পাশের পুকুরে ফেলে দিল।

কন কী, এসব মণ কা মণ লবণ, চাউল চিনি পুষ্কুরনিতে ফালায়া দিছে?

শুধু ফালায়া দিছে না, যারা হাতে নাতে ধরা পড়েছে, তাদের লাইসেন্স বাতিল, জেল ও জরিমানা। এই ছিল বাংলাদেশের স্বাধীনতা পূর্ব সমাজের চালচিত্র।

তায়লে কন তহন কি সমাজে আপনের মতুন মানুষই তো আছিল। যারা অহন একটু বুইড়া হোইছেন।

তুই কি বলতে চাস যে, আমরা বৃদ্ধ হয়েছি বলে আমাদের বোধ বুদ্ধি লোপ পেয়েছে। তাই বর্তমান সমাজে এ্যাতো অসংগতি?

আরে না না, আপনে আমারে ভুল বুইঝেন না! আপনেরা বুইড়া হোইছেন বোইলা দেশের অবস্থা খারাপ হোইছে, হেই কথা আমি কোইনা। আমি কোইকি, আপনেরা বাংলাদেশ স্বাধীনের পর আপনেগো কামটা ঠিক মতুন করেন নাই। তাই বর্তমানে বাংলাদেশে এ্যাতো উল্টাপাল্টা কাম দেখতাছেন?

হ্যাঁ হ্যাঁ, বাঙালি এখন প্রাইভেট প্লেনের মালিক, ব্যাংকের মালিক, স্টিমার-বিদেশগামী জাহাজের মালিক। একটু উল্টাপাল্টা তো হোয়েইছে। বাংলাদেশ স্বাধীন না হলে, তোরা বাঙালিরা প্রাইভেট প্লেনের সুইপার থাকতি, আর ব্যাংকের বাথরুম পরিষ্কারের দায়িত্ব পালন করতি।

না না বাংলাদেশ স্বাধীন নাহোইলে বাঙালি কখোনোই বিশ^ ক্রিকেটে চান্স পাইতো না, ভারতের মতুন ১৪০ কুটির পাবলিকরে মাইয়াগো সাফ গেমসে ফুটবলে হারাইতেও পারতো না। এ সবই ঠিক আছে, বাংলাদেশ স্বাধীন নাইলে আমরা পাঞ্জাবিগো গোলামি কোরতাম সবই ঠিক আছে, কিন্তু আমি কোইকি আপনেরা দেশটা স্বাধীন করার পর এমন অবস্থা কোরলেন যে, আপনে নিজেই কন মানুষ, মানুষের ভয়ে মরছে!

আমি ঠিকই তো বলছি, আজ তোরা এক বৃদ্ধলোক আল্লাহতায়ালার পবিত্র ঘরের সামনে মোবাইল চোর বলে পিটিয়ে মারছিস! এটা কি মানুষের কাজ হোয়েছে? প্রবাসী বাঙালির বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিলি, এটা কি মানুষের কাজ হোয়েছে, গৃহবধূকে দল বেঁধে অত্যাচার কোরে তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিলি, এটা কি মানুষের কাজ হোয়েছে, বয়োবৃদ্ধকে হোটেল কামরায় তরুণীসহ ধরে ভিডিও কোরে ইউটিউবে প্রচার কোরলি, এটা কি মানুষের কাজ হোয়েছে, অফিসারের গন্ধ নিয়ে ব্যক্তিগত ফোনালাপ তুই ফাঁস করলি, এটা কি মানুষের কাজ হোয়েছে?

মিয়া ভাই এই রূপ লিস্টি দিলে সারা রাত শেষ হয়া যাইবো, আমি কোই কি দেশ স্বাধীনের পর, আপনেরা যারা তখন দেশ পরিচালনার দায়িত্ব পাইছিলেন তারা ঠিক মতুন নিজেগো দায়িত্ব পালন করেন নাই, তাই দেশে আজ এ্যাতো অসংগতি। আপনেরা ট্যাকা ট্যাকা কোইরা ট্যাকার পেছনে দৌড়াইলেন, তার ফলস্বরূপ আইজ বাঙালি জাতিটার বারোটা বাজাইলেন। আর অহন কন মানুষ, মানুষের ভয়ে মরছে!

তুই যতই বৃদ্ধদের দোষ দে আমি কিছু বলব না, কিন্তু তোরা যে জেন-জি, তোরাও তো টাকার পেছেনে সারমেয়র মতো ছুটছিস! তাহলে? তাহলে?

তাইলে... !

লেখক : রম্যলেখক ও সাংস্কৃকিক ব্যক্তিত্ব

[email protected]

×
সর্বশেষ সর্বাধিক পঠিত