ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৫ এএম

ইরানকে কেন্দ্র করে যৌথ সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, বৈঠকটি ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, প্রায় ৯০ মিনিট ধরে চলা বৈঠক শেষে দুই নেতা কোনো যৌথ সংবাদ সম্মেলন করেননি। ফেব্রুয়ারিতে ইরানকে কেন্দ্র করে সংঘাত শুরুর পর এটি ছিল ট্রাম্প ও নেতানিয়াহুর অষ্টম বৈঠক।

প্রতিবেদন অনুযায়ী, দুই নেতার মধ্যে আলাদা কোনো একান্ত বৈঠক হয়নি। পুরো বৈঠকেই ইসরায়েলি প্রতিনিধিদলের সদস্যদের পাশাপাশি ট্রাম্পের উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নেতানিয়াহু হোয়াইট হাউসে পৌঁছানোর পর তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়নি। বৈঠক শেষে দুই পক্ষের পক্ষ থেকেও কোনো যৌথ বিবৃতি দেওয়া হয়নি।

নেতানিয়াহুর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৈঠকটি বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে ইরান-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে ইসরায়েলের চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, বৈঠকে ট্রাম্প ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো অনুরোধ নেতানিয়াহুর কাছে তোলেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত