নরসিংদীর শিবপুরে রাত ‘১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’ এমন কুপ্রস্তাবের অভিযোগ উঠেছে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দের বিরুদ্ধে। ওই এলাকার ভুক্তভোগী এক নারী এই অভিযোগ করেন।
সোমবার (২৭ জুলাই) অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।
অভিযোগকারী নারী দাবি করেন, আশরাফ উদ্দিন তাকে রাত ১২টার দিকে পুকুরপাড়ে দেখা করতে বলেন। বিনিময়ে একটি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তিনি আরও অভিযোগ করেন, এর আগে ওই নেতার কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় সরকার ঘোষিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন সুবিধা থেকেও তাকে বঞ্চিত করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আশরাফ উদ্দিন আকন্দ। তিনি বলেন, রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে তার দলেরই একটি পক্ষ পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালাচ্ছে। তার দাবি, প্রায় পাঁচ মাস আগে তার পা ভেঙে যায় এবং এখনো পুরোপুরি সুস্থ হননি। তাই রাত ১২টায় পুকুরপাড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।
আশরাফ উদ্দিন আরও বলেন, অভিযোগকারী নারী ঈদের আগে তার কাছে কাপড় ও চালের স্লিপ চেয়েছিলেন। তা দিতে না পারার পর থেকেই তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে।
শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছেন। আশরাফ উদ্দিন তার কাছে অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সে ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
