বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আধুনিকায়ন, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং সেবা বাণিজ্যের সম্প্রসারণে নতুন ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৯ জুলাই) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি পেমেন্ট প্ল্যাটফর্ম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বহির্মুখী রেমিট্যান্স পাঠানোর সেবা চালু করতে পারবে। এসব প্রতিষ্ঠানকে ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (সিডিপিএসপি) হিসেবে অভিহিত করা হয়েছে।
নতুন ফ্রেমওয়ার্কের আওতায় চালু করা হয়েছে ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ)। এটি ব্যবহারকারীর ডিজিটাল ওয়ালেট বা সংরক্ষিত-মূল্যের হিসাব হিসেবে কাজ করবে। সংশ্লিষ্ট ব্যাংকের অধীনে পরিচালিত মাস্টার ডিভিএ-এর আওতায় এসব হিসাব পরিচালিত হবে।
সার্কুলার অনুযায়ী, ডিভিএ ব্যবহার করে ব্যক্তিগত, চিকিৎসা ও সরকারি সফরসহ ভ্রমণ ব্যয়, সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি (আইটি) সেবা, ভিসা ফি ও হোটেল বুকিংয়ের মতো বিভিন্ন খাতে বিদেশে অর্থ পরিশোধ করা যাবে। সীমিত পরিসরে অনলাইন ই-কমার্স লেনদেনের সুবিধাও থাকবে। রিটেনশন কোটাসহ রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবের স্থিতির বিপরীতেও এ সুবিধা প্রযোজ্য হবে।
তবে এ ধরনের সেবা চালুর আগে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে সংশ্লিষ্ট ব্যাংককে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ উদ্যোগের ফলে ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার আওতায় আসবে। এতে ফ্রিল্যান্সিং, ই-কমার্স ও সেবা বাণিজ্যে গতি আসতে পারে। পাশাপাশি পেপ্যাল ও স্ট্রাইপের মতো বৈশ্বিক পেমেন্ট প্ল্যাটফর্মের বাংলাদেশে কার্যক্রম শুরুর সম্ভাবনাও তৈরি হতে পারে।
