জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ‘জুলাই ’২৪-এ সাংবাদিকতা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিভাগের মিডিয়া ল্যাবে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জুলাইয়ের প্রকৃত শিক্ষা আমাদের মননে ধারণ করতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি হলো নৈতিকতা, সত্যতা ও বস্তুনিষ্ঠতা। একজন সাংবাদিককে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই ও সত্যতা নিশ্চিত করতে হবে এবং অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আপসহীন থাকতে হবে। তিনি ভবিষ্যৎ সাংবাদিকদের নৈতিকতা, দায়িত্বশীলতা ও পেশাগত মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, সমাজে ভিন্নমত থাকতেই পারে। তবে পারস্পরিক সম্মান ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে জাতীয় ঐক্য ও দেশের কল্যাণে কাজ করতে হবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে বিভাজন, অন্যায়, অপপ্রচার ও অন্যের অধিকার হরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের প্রসঙ্গে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবাইকে ‘টিম জগন্নাথ’ হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগ ও চেতনাকে ধারণ করে আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সুন্দর বাংলাদেশ এবং আমাদের স্বপ্নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই।
প্রধান আলোচক তৌহিদুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের সময় গণমাধ্যমের ভূমিকা, সংকটকালীন সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব, পেশাগত নৈতিকতা এবং বস্তুনিষ্ঠতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ভবিষ্যৎ সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। সত্যনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতাই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা সুদৃঢ় করতে পারে।
সেমিনারে আলোচনায় অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবির এবং পিআরআইপি পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার নৈতিকতা, সত্যনিষ্ঠতা ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানান। তাঁরা জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া সেমিনারে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরাও বক্তব্য প্রদান করেন। তারা জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যক্ষ অংশগ্রহণের অভিজ্ঞতা স্মৃতিচারণ করেন এবং আন্দোলনের প্রেক্ষাপট, ঘটনাপ্রবাহ ও তাৎপর্যের বিভিন্ন দিক তুলে ধরেন। একইসাথে জুলাইয়ের চেতনা ধারণ করে নতুন প্রজন্মের দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সেমিনারে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
