খুলনা মহানগরীর হরিণটানা থানার কেডিএ ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, সকালে ময়ূর আবাসিক এলাকার লেকে একটি মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা হরিণটানা থানায় খবর দেন। সংবাদ পাওয়ার পরপরই থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া কিশোরটির আনুমানিক বয়স ১২ থেকে ১৩ বছর। তবে মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্তসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে আশপাশের এলাকায় কোনো শিশু নিখোঁজ হয়ে থাকলে অথবা উদ্ধার হওয়া কিশোরটির পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে দ্রুত হরিণটানা থানার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
