বাংলাদেশ বিমান বাহিনীর ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুল, এরুলিয়া এয়ারফিল্ড, বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী বাংলাদেশ বিমান বাহিনীর ১৬জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার মাঝে সনদপত্র বিতরণ করেন।
প্রশিক্ষণার্থী কর্মকর্তারা বাংলাদেশ বিমান বাহিনীর উড্ডয়ন প্রশিক্ষক পরিবারের গর্বিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন উল্লেখ করে এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ বলেন, এই কর্মকর্তাদের সুনিপুণ দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় গড়ে উঠবে একদল দক্ষ ও আত্মবিশ্বাসী বৈমানিক। যারা ভবিষ্যতে বাংলাদেশের আকাশসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার মহান দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের স্কোয়াড্রন লিডার মির্জা মো. জুবাইর হোসেন চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা বিবেচিত হয়ে বহুল প্রত্যাশিত ‘মফিজ ট্রফি’ অর্জন করেন। অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, বিমান বাহিনী ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর
