নৌকাডুবির ঘটনায় ১৮ রোহিঙ্গা উদ্ধার, নিখোঁজ ১৩

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৬:৩১ পিএম

মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গাবাহী নৌকা ডুবে ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন। এঘটনায় মাঝিসহ ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাটসংলগ্ন সাগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে একদল রোহিঙ্গা নৌকাযোগে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। পথে শাহপরীরদ্বীপ উপকূলের কাছে পৌঁছালে প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। তবে চারজন মাঝিমাল্লা এপার থেকে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে।

শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়ার জেলে আবদু মাঝি জানান, নৌকাটিতে ৩১ জন আরোহী ছিলেন। নৌকাডুবির পর স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন। তবে এখনও ১৩ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু নেই বলেও জানান তিনি।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মন্নান বলেন, সীমান্তের ওপারের সংঘাতময় পরিস্থিতির কারণে তারা বাংলাদেশে আসার চেষ্টা করছিল। নৌকাডুবির খবর পেয়ে স্থানীয় জেলেরা উদ্ধার অভিযানে অংশ নিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, ইদ্ধার হওয়া ১৮ রোহিঙ্গা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। তাদের পরিচয় এবং বাংলাদেশে আসার কারণ যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত