হাতিয়ায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৭ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে একটি পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকালে তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমরদ্দি গ্রামের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে দুপুরে তমরদ্দি পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে হাতিয়া থানায় পাঠান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তমরদ্দি ইউনিয়ন পরিষদ থেকে দক্ষিণে তমরদ্দি-ওছখালী সড়কসংলগ্ন দক্ষিণ তমরদ্দি বাজার এলাকার একটি ওষুধের দোকানের কর্মচারী মিরাজের পুকুরে সকালে মরদেহটি ভাসতে দেখেন পথচারীরা। পরে বিষয়টি তমরদ্দি পুলিশ ফাঁড়িকে জানানো হয়।

খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ভারী বৃষ্টির কারণে মরদেহ উদ্ধারে বিলম্ব হয়। পরে বৃষ্টি কমলে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

তমরদ্দি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নাছির উদ্দিন বলেন, খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যাই। কিন্তু ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজে বিলম্ব হয়। পরে বৃষ্টি কমলে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে হাতিয়া থানায় পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ এখনো মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, উদ্ধার করা মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বিকালে মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত