হেরেমখানা, ঠুনকো প্রেম কিংবা দাস-দাসির গল্প পেরিয়ে মুসলিম বিশে^র গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে নির্মিত তুর্কি ধারাবাহিক ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু হচ্ছে। নাগরিক টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-এর মাধ্যমে দেশের দর্শকরা জনপ্রিয় এই মেগাসিরিজটি উপভোগ করতে পারবেন।
ধারাবাহিকটি নাগরিক টিভিতে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ও ১০টায় প্রচারিত হবে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে এটি দেখা যাবে প্রতিদিন রাত ৯টায়। এ ছাড়া সপ্তাহজুড়ে প্রচারিত পর্বগুলো নিয়ে শুক্র ও শনিবার রাত ১০টায় থাকবে বিশেষ ‘মেগা গ্র্যান্ড এপিসোড’।
সিরিজটির মূল কাহিনি আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র শহর জেরুজালেম মুক্ত করার অবিস্মরণীয় ঐতিহাসিক যাত্রা নিয়ে। দ্বাদশ শতাব্দীর পটভূমিতে গঠিত এই সিরিজে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার সামরিক সংগ্রাম, ন্যায়বিচার এবং সালাহউদ্দিন আইয়ুবির বীরত্ব সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশাল সেট, চোখধাঁধানো অ্যাকশন দৃশ্য ও চমৎকার সিনেমাটোগ্রাফির কারণে সিরিজটি ইতিমধ্যে দারুণ সাড়া ফেলেছে।
