বাংলাদেশ জাতীয় হকি দলের নবনিযুক্ত প্রধান কোচ পিটার গেরহার্ড এখন ঢাকায়। বৃহস্পতিবার শুক্রবার মধ্যরাতে ঢাকায় পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) কর্মকর্তারা। দায়িত্ব গ্রহণের পর আজ থেকে এশিয়ান গেমসকে সামনে রেখে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জাতীয় দলের প্রস্তুতি শুরু করবেন এই অভিজ্ঞ জার্মান কোচ।
আন্তর্জাতিক স্কোয়াশ : উপমহাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ স্কোয়াশ প্রতিযোগিতা ‘দ্বিতীয় সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ’ আগামী ২৪ থেকে ২৮ আগস্ট ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট ১১টি দেশের পেশাদার স্কোয়াশ খেলোয়াড় অংশ নেবেন। স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রি. জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম বলেন, ‘এবারের আসরে ভারত, শ্রীলঙ্কা, হংকং, সিঙ্গাপুর, ইরান, কুয়েত, বাহরাইন, মিসর, জাপান, জার্মানি ও বাংলাদেশ থেকে শীর্ষস্থানীয় খেলোয়াড়রা অংশ নেবে। আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতা দেশের স্কোয়াশকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিযোগিতার মানও বাড়াবে।’ একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় ‘স্কোয়াশ ডেস্টিনেশন’ হিসেবেও পরিচিত করা সম্ভব হয়েছে।
আনসার-নীলফামারী খো খো’র ফাইনালে : গ্লোবাল ইন্স্যুরেন্স জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপে মেয়েদের বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও নীলফামারী। শুক্রবার পলটনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়েদের সেমিফাইনালে যশোরকে ১৬-১ পয়েন্টে হারিয়ে আনসার ও সাতক্ষীরাকে ১৩-০ পয়েন্টে হারিয়ে নীলফামারী ফাইনাল নিশ্চিত করে। আজ শিরোপার জন্য লড়বে দুই দল।
এদিকে পুরুষ বিভাগে কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আনসার ১২-১০ পয়েন্টে যশোরকে, নীলফামারী ১৪-১১ পয়েন্টে সাতক্ষীরাকে এবং পুলিশ ১০-৭ পয়েন্টে দিনাজপুরকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। আজ পুরুষ বিভাগের ১টি কোয়ার্টার ফাইনাল, দুটি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। খেলা পরিচালনা করেন ফেডারেশনের সহসভাপতি মতিউর রহমান বাবুল।
