রাজধানীর উত্তরের পরিচ্ছন্নতা দেখলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০২:২২ এএম

ছুটির দিনে রাজধানীর উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

তিনি জানান, ‘গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে ঘুরেছেন। ৬টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়ি শ্যামলী অতিক্রম করে।’

জাহিদুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন, তিনি রাজধানী ঢাকাকে ক্লিন সিটি হিসেবে দেখতে চান। সেজন্যই তিনি সিটি করপোরেশনের রাস্তা সরেজমিন ঘুরে দেখছেন। প্রধানমন্ত্রী বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে বেরিয়েছেন। নিজে ড্রাইভ করছেন গাড়ি।’

শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত, শেওড়াপাড়া প্রভৃতি সড়ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। প্রায় আড়াই ঘণ্টার অধিক সময় সড়কগুলো ঘুরে মাগরিবের নামাজের সময়ে গুলশানের বাসায় ফেরেন প্রধানমন্ত্রী, জানান উপ-প্রেস সচিব। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা একজন দেশ রূপান্তরকে বলেন, জানা গেছে, বিকেলে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে তার বাসভবনে ডেকে নেন। পরে তাদের সঙ্গে নিয়ে বিকেল ৪টা ৫ মিনিটে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ময়লা ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শনে বের হন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তার পরিদর্শনের রুট ছিলু রাজধানীর ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা সেক্টর ৩, ৪, ৫ ও ৬, এয়ারপোর্ট রোড হয়ে কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী। পরিদর্শন শেষে সন্ধ্যায় গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে ফিরে যান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অসন্তোষ : পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে তিনি সমস্যা চিহ্নিত করেন এবং কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর গাড়িতে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী।

এর আগে গত বৃহস্পতিবার সারা দিন কর্মব্যস্ত সময় পার করে রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর সংসদ ভবন এলাকায় যা; সেখান থেকে ক্যান্টনমেন্ট হয়ে মহাখালী যান। তারপর বনানী চেয়ারম্যান বাড়ি ঘুরে বনানী হয়ে গুলশানে বাসায় ফেরেন প্রধানমন্ত্রী। সে সময় গাড়িতে বসে উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত