ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। এ সময় মানববন্ধন থেকে বিদ্যুৎ সমস্যার সমাধানে জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
শনিবার (১ আগস্ট) সকালে পৌর শহরের সড়ক বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঐক্যবদ্ধ আখাউড়ার আয়োজনে এর প্রতিবাদ স্বরূপ নতুবা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকলে জনগণের ভোগান্তি কোনো শেষ থাকে না। ব্যবসা বাণিজ্যে ব্যাঘাত ঘটে। বিদ্যুতের লোডশেডিংয়ে আখাউড়াবাসী অতিষ্ঠ।
তারা বলেন, আমরা আর লোডশেডিং চাই না আখাউড়ার বিদ্যুতের ঘাটতি পূরণ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান করা না হলে বিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে।
মাওলানা ইয়াকুব আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুবদল নেতা মোবাশ্বের আহমেদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি, ঐক্যবদ্ধ আখাউড়ার আহ্বায়ক আমজাদ ভূঁইয়া, জাতীয় পার্টির নেতা জেনহারুল ইসলাম লিটন, যুব সংগঠক রোবায়েদ খান, মো. রাফি আহমেদ প্রমুখ।
