মাহ্‌দী আমিন

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের ৪৫ শীর্ষ ব্যবসায়ী

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম

আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৪৫ জন শীর্ষ নির্বাহী ও ব্যবসায়িক নেতা ঢাকায় আসছেন। বাংলাদেশে সম্ভাব্য বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ নিয়ে তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গেও তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়।

মাহ্‌দী আমিন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছে এবং দেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা করেছে। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং নীতিগত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি জানান, আসন্ন ব্যবসায়ী প্রতিনিধিদলের সফরকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সফরে অংশ নেওয়া প্রতিনিধিরা বিভিন্ন খাতের সম্ভাবনা পর্যালোচনা করবেন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন।

মাহ্‌দী আমিন আরও বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করাই সরকারের লক্ষ্য।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত