দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতির (বিজিএমইএ) নতুন মহাসচিব (সেক্রেটারি জেনারেল) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল মো. সাহেদুল ইসলাম, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, পিএইচডি, এমফিল (অব:)।
সামরিক নেতৃত্ব, আন্তর্জাতিক কূটনীতি ও শিক্ষাক্ষেত্রে ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন ড. সাহেদুল ইসলাম ওয়াশিংটন ডিসিতে ডিফেন্স অ্যাটাচে হিসেবে দায়িত্ব পালনকালে মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘লিজিওন অব মেরিট’ পদকে ভূষিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘শ্রমিকদের দক্ষতা পর্যালোচনা ও উন্নয়ন’ বিষয়ে পিএইচডি, এমফিল, এমবিএ এবং ভারতের ওসমানীয়া বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ-এ ডিগ্রী অর্জন করেন। এছাড়াও বিইউপি’তে ডিন, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজী’তে ট্রেজারার ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
