যাত্রাবাড়ী হত্যাকান্ডের তদন্ত দ্রুত শেষ হবে 

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৮:১৫ এএম

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনার দ্রুত তদন্ত শেষ করে বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। যাত্রাবাড়ীতে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের গণশুনানিতে এ কথা বলেন তিনি। গতকাল রবিবার যাত্রাবাড়ীর নবী টাওয়ারের কনফারেন্স রুমে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এ সময় প্রসিকিউশনের প্রসিকিউটর, ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী উপস্থিত ছিলেন। গণশুনানিতে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা ঘটনার সময়ের পরিস্থিতি এবং তাদের বর্তমান অবস্থা তুলে ধরেন। এ সময় যাত্রাবাড়ীতে শহীদ পারভেজের মা কানিজ ফাতেমা, শহীদ শাহাদাত হোসেন শাওনের বাবা মো. বাসির আলম, শহীদ সোহেল রানার মা রাশেদা বেগম প্রমুখ বক্তব্য দেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘যাত্রাবাড়ীর ঘটনাগুলোকে জুলাই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। এ সব মামলার তদন্ত দ্রুত শেষ করে যত দ্রুত সম্ভব বিচার সম্পন্ন করতে ট্রাইব্যুনাল কাজ করছে।’ তিনি থানায় থাকা তদন্ত প্রতিবেদনগুলো দ্রুত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তরের নির্দেশ দেন। শহীদ পরিবার ও আহতদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক শহীদ ও আহত পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। যাদের কাছে ভিডিও ফুটেজ, ছবি, তথ্য বা অন্য কোনো সাক্ষ্য-প্রমাণ রয়েছে, সেগুলো তদন্ত কর্মকর্তাদের কাছে জমা দিলে বিচার প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত