পোশাক শ্রমিক শাহিনা হত্যায় প্রেমিকের মৃত্যুদণ্ড

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৮:১৫ এএম

ঢাকার অদূরে আশুলিয়ার জিরাবো এলাকায় পোশাক শ্রমিক শাহিনা খাতুনকে হত্যার দায়ে প্রেমিক শরিফুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার অষ্টম অতিরিক্ত জেলা জজ মুনির হোসেন আসামিকে সর্বোচ্চ এ দণ্ডাদেশ দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, জিরাবো এলাকায় অ্যাপারেলস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন শাহিনা খাতুন। শরিফুল ওই এলাকার আরেকটি পোশাক কারখানায় চাকরি করতেন।

শরিফুল বিবাহিত ও দুই সন্তানের বাবা হলেও শাহিনার সঙ্গে তার সম্পর্ক গড়ে তোলেন। তারা ওই এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। একপর্যায়ে বিয়ের জন্য শরিফুলকে চাপ দিলে শরিফুল তার স্ত্রীর কাছে চলে যেতে চান। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়। ২০২০ সালের ১৯ মার্চ দুপুরে শাহিনার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে শরিফুল গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে শাহিনাকে হত্যা করে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে দরজায় তালা দিয়ে চলে যান। তিন দিন পর আশপাশে দুর্গন্ধ ছড়ালে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে শাহিনার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শাহিনার ভাই মো. রাহিন ২২ মার্চ আশুলিয়া থানায় এ হত্যা মামলাটি করেন। মামলার পাঁচ মাস পর আসামি শরিফুলকে পুলিশ গ্রেপ্তার করে। হত্যার দায় স্বীকার করে আসামি আদালতে জবানবন্দি দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত