গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়ে গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরও ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে ৮৪৪ জন প্রাণ হারিয়েছে। হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩২৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। সিলেট বিভাগে মারা গেছে ১১১ জন। রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, ময়মনসিংহে ৭১, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১২ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯৪৬ জন ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২৮৩ জন, রাজশাহীতে ২৬, সিলেটে ৬৩, চট্টগ্রামে ২৪০, বরিশালে ১৪২, ময়মনসিংহে ৬৫, খুলনায় ২২, রংপুরে ৪৫ জন ভর্তি হয়েছে। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ১২ হাজার ৬২০। যার মধ্যে ১ লাখ ৮ হাজার ২৮৩ জন হাসপাতাল ছেড়েছে। এ ছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩০ হাজার ৮৩। শনাক্ত হওয়া হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ২৯৫।
