রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের নির্মাণাধীন আবাসিক ভবনের চারতলা থেকে পড়ে মো. ইউসুফ (৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সোয়া ২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইউসুফ গাইবান্ধার ফুলছড়ির খনচপাড়া গ্রামের বাসিন্দা। নিহতের ভাতিজা শাকিল জানান, চাচা রাজমিস্ত্রির কাজ করতেন। দুপুরের দিকে মুগদা জেনারেল হাসপাতালের নির্মাণাধীন নতুন আবাসিক ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন। এ সময় অসাবধানবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আর বেঁচে নেই।
