অভিমানী ফেসবুক পোস্টের পর রাঙ্গুনিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৭:১৮ পিএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে প্রেমঘটিত বিষয় নিয়ে অভিমান, অভিযোগ ও আত্মহত্যার ইঙ্গিত দিয়ে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মোহাম্মদ ইমন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার পোমরা ইউনিয়নের হিলাগাজী পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইমন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ভবিষ্যতে কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রবাসে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, কিছুদিন আগে ইমনের বিরুদ্ধে ইভটিজিংয়ের একটি অভিযোগ উঠেছিল। পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর আগে দেওয়া ফেসবুক পোস্টসহ ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে৷

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত