হ্যাকিং বা তথ্যচুরি ঠেকাতে সরকারি দপ্তরগুলোর কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বন করতে সব সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
একই সঙ্গে চিঠিতে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্ন্যান্স-২ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব শেখ জোবায়ের আহমেদ স্বাক্ষরিত ওই চিঠি গত ২৮ জুলাই জারি করে সব সিনিয়র সচিব ও সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, বর্তমানে সরকারি দপ্তরগুলোর বিভিন্ন কার্যক্রমে এআই টুলের ব্যবহার ক্রমেই বাড়ছে। এসব প্রযুক্তির মাধ্যমে কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়লেও অসতর্কতার কারণে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
