প্রবাস ফেরত অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৭:৫৬ এএম

টাঙ্গাইলের সখীপুরে প্রবাস ফেরত অসুস্থ এক ব্যক্তিকে গভীর রাতে রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী জামাল উদ্দিন (৪৯) উপজেলার কালমেঘা গ্রামের ফজর আলীর ছেলে। প্রায় ২৫ বছর আগে তিনি নিজ গ্রাম ছেড়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি দক্ষিণপাড়ার ইয়ার উদ্দিন মোড় এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরে জীবিকার তাগিদে সৌদি আরবে যান এবং সেখানে প্রায় ১২ বছর কর্মরত ছিলেন। কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে প্রায় আট মাস আগে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর তার চিকিৎসা ও দেখভাল নিয়ে পরিবারের সদস্যরা অবহেলা করেছেন বলে অভিযোগ উঠেছে। যে স্ত্রী-সন্তানের সুখের জন্য মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসে অর্থ উপার্জন করলেন, সেই স্ত্রী-সন্তানরা তাকে রাস্তার পাশে ফেলে গেছে বলে তার অভিযোগ। স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন জানান, গত শনিবার গভীর রাতে জামাল উদ্দিনকে তার পৈতৃক ভিটার পাশের সড়কে ফেলে রেখে যান তার স্ত্রী ও সন্তানরা। পরে বৃষ্টির মধ্যে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালমেঘা গ্রামের উত্তর-পূর্বপাড়ায় তার ভাতিজি ইসমত আরার বাড়িতে আশ্রয়ের ব্যবস্থা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত