চট্টগ্রামে এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ২০ আগস্ট

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০২:৫৩ পিএম

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে স্থগিত লিখিত পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছে বোর্ড।

মঙ্গলবার (৪ আগস্ট) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশেষ প্রয়োজনে বোর্ড সময়সূচিতে পরিবর্তন আনতে পারবে।

সংশোধিত রুটিন অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৯ আগস্ট ভূগোল প্রথম পত্র এবং একই দিন বিকেলে আরবি ও পালি প্রথম পত্রের পরীক্ষা হবে। ৩১ আগস্ট ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর।

৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র ও প্রকৌশল অঙ্কন এবং ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা ৭ সেপ্টেম্বর পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৯টায় মূল কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৯ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রসংক্রান্ত তথ্য জানতে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্রের প্রধানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয় ২ জুলাই। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পরীক্ষা ৮ জুলাই থেকে স্থগিত করা হয়। পরে ২৭ জুলাই থেকে নিয়মিত সূচির পরীক্ষাগুলো নেওয়া শুরু হয়। এবার স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করল শিক্ষা বোর্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত