বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলার নিন্দা, দোষীদের শাস্তির দাবি ইউটিএলের

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম

বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

একই সঙ্গে নিরপেক্ষ, দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। 

মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউটিএল জানায়, ৩ ও ৪ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংঘটিত সহিংস ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রসংসদ নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে তারা গভীরভাবে উদ্বিগ্ন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি থাকলেও সেখানে হামলা চালানো হয়েছে এবং হাসপাতাল অবরুদ্ধ করে রাখা হয়েছে। আহতদের দেখতে গিয়ে ইউটিএলের সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুকও অবরুদ্ধ হন বলে অভিযোগ করা হয়। 

ইউটিএল আরও উল্লেখ করে, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান মুক্তচিন্তা, জ্ঞানচর্চা, মতপ্রকাশ এবং গণতান্ত্রিক সহাবস্থানের ক্ষেত্র। রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয়ের ভিত্তিতে শিক্ষার্থী, শিক্ষক কিংবা সাংবাদিকের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন বা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

সংগঠনটি সংশ্লিষ্ট সব ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায়। একই সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ, সহনশীল ও ভীতিমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং অবরুদ্ধ শিক্ষকদের দ্রুত মুক্তির আহ্বান জানায়। 

বিজ্ঞপ্তিতে ইউটিএল জানায়, মতপার্থক্যের সমাধান হতে হবে সংলাপ, যুক্তি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে; সহিংসতা, হামলা বা প্রতিহিংসার মাধ্যমে নয়। শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্র, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ শিক্ষার পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইউটিএল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত