ঢাবিতে সেমিনার

নগর পরিবহনে এআই ও এলএলএমের সম্ভাবনা তুলে ধরলেন চীনা অধ্যাপক

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৬:২২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে নগর পরিবহন ব্যবস্থাপনায় বৃহৎ ভাষা মডেল (এলএলএম) ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনা তুলে ধরেছেন চীনের থংচি বিশ্ববিদ্যালয়ের পরিবহন অনুষদের সহযোগী অধ্যাপক প্রফেসর জিয়ান লি।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘নগর পরিবহন ব্যবস্থাপনায় বৃহৎ ভাষা মডেলের ব্যবহার’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর জিয়ান লি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা তথ্যব্যবস্থা (এমআইএস) বিভাগের চেয়ারম্যান এবং সেন্টার ফর চায়না স্টাডিজের বাংলাদেশ অংশের পরিচালক ড. মো. রাকিবুল হক।

মূল প্রবন্ধে প্রফেসর জিয়ান লি বলেন, বৃহৎ ভাষা মডেলভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বুদ্ধিমান পরিবহন ব্যবস্থা, তাৎক্ষণিক যানবাহন চলাচল বিশ্লেষণ, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং গণপরিবহন সেবার মানোন্নয়নের মাধ্যমে নগর পরিবহন ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যান চলাচলের সর্বোত্তম ব্যবস্থাপনা, ভ্রমণ চাহিদার পূর্বাভাস, উন্নত পথ পরিকল্পনা এবং স্মার্ট নগর গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে আরও টেকসই, কার্যকর ও আধুনিক পরিবহন নীতি প্রণয়নেও এ প্রযুক্তির ব্যবহার বাড়ছে।

তিনি আরও বলেন, যানজট, পরিবেশগত স্থায়িত্ব, সড়ক নিরাপত্তা এবং স্মার্ট চলাচল সেবার ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় পরিবহন পরিকল্পনার সঙ্গে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সমন্বয় অপরিহার্য। এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত ও সরকারের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ড. মো. রাকিবুল হক বলেন, উদীয়মান প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট পরিবহন ও ডিজিটাল উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। তিনি শিক্ষার্থী ও গবেষকদের টেকসই নগর উন্নয়নে অবদান রাখতে আন্তঃবিষয়ক গবেষণায় আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা নগর পরিবহন ব্যবস্থাপনা, স্মার্ট নগর উন্নয়ন এবং বৃহৎ ভাষা মডেলের ব্যবহারিক প্রয়োগ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত