নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আবাসিক এলাকা নয়াপুরে প্রস্তাবিত মশার কয়েল কারখানার পরিবেশগত ছাড়পত্র পুনরায় দেওয়ার উদ্যোগের অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানিয়েছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী। তার অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের ৯টি তদন্তে এলাকাটি আবাসিক হিসেবে প্রমাণিত হওয়ার পর কারখানার অবস্থানগত ছাড়পত্র বাতিল করা হলেও ৬ আগস্ট আপিল কর্র্তৃপক্ষের শুনানির মাধ্যমে আবারও ছাড়পত্র দেওয়ার চেষ্টা চলছে। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নয়াপুর গ্রামের মসজিদের পক্ষ থেকে মো. মাইনুদ্দিন মোল্লা, মন্দিরের পক্ষ থেকে সাধন সাহা এবং এলাকাবাসীর পক্ষ থেকে পরিবেশকর্মী কবি শাহেদ কায়েস উপস্থিত ছিলেন।
