এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর কারাগারে

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১২:২৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সাইবার সুরক্ষা আইনের মামলায় বুধবার (৫ আগস্ট) বগুড়া সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার ভোর ৪টায় বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ রাজধানী থেকে তাঁকে গ্রেপ্তার করে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা হয়েছিল। ওই মামলায় ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি সিলেটে এনসিপির পথসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের হামলার অভিযোগের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন তানভীর। পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে তিনি সেটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ করেন।

এ ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল গত ২ আগস্ট সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২৯ জুলাই দেওয়া ওই পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করেছে।

এর আগে, ১ আগস্ট তানভীরকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। পাশাপাশি তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

দলটির পক্ষ থেকে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এটি সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের শামিল। এ কারণে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে তাঁকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতির সিদ্ধান্তের পর ফেসবুকে দেওয়া এক পোস্টে আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তানভীর।

এটি এনসিপি থেকে তানভীরের দ্বিতীয়বারের মতো অব্যাহতি। এর আগে ২০২৫ সালের এপ্রিলে সচিবালয়ে প্রবেশ করে জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ এবং এনসিটিবির পাঠ্যবই ছাপার কাজে কমিশন বাণিজ্যের অভিযোগে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২০২৬ সালের ১৬ এপ্রিল তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হয়। তবে সাড়ে তিন মাসের মাথায় বিতর্কিত ফেসবুক পোস্টের ঘটনায় আবারও তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় এনসিপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত