ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিষধর সাপের কামড়ে মো. আক্কুব্বর শেখ নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মৃত মো. আক্কুব্বর শেখ (৩৫) উপজেলার জয়নগর-চরভাগদিয়া গ্রামের মৃত রব্বান শেখের ছেলে। তিন সন্তানের জনক আক্কুব্বর শেখ সাতৈর বাজারে মুদি দোকান পরিচালনা করতেন।
মৃতের স্বজন ও স্থানীয়রা জানায়, বুধবার রাত প্রায় ১১টার দিকে আক্কুব্বর শেখ দোকানে যাওয়ার পথে একটি বিষধর গোখরা সাপ তাকে কামড় দেয়। হাসপাতালে নেওয়ার পরিবর্তে তাকে প্রথমে পার্শ্ববর্তী এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। হাসপাতালে নেওয়ার পথে রাত প্রায় ৩টার দিকে তিনি মারা যান।
